বরিশালে দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি পরিশোধ ও কাজের নিরাপত্তাসহ আট দফা দাবিতে ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় এ অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে পুলিশ তাঁদের সড়কের এক পাশে সরিয়ে দিলে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সড়কের একপাশে আন্দোলনকারীদের কর্মসূচি চলছিল।
শ্রমিকদের অভিযোগ, গত দুই মাস ধরে ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। নিয়মিত ওভারটাইম করানো হলেও সেই কাজের মজুরি দেওয়া হচ্ছে না। বকেয়া বেতন ও অন্যান্য পাওনার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানালে উল্টো হয়রানি ও নানা চাপের মুখে পড়তে হয়। এমনকি অধিকার আদায়ের জন্য কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
জেলা শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার বলেন, “ফরচুন সুজ লিমিটেডে শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দ্রুত তাঁদের দাবি মেনে নিয়ে সংকটের সমাধান করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারে।”
এ বিষয়ে ফরচুন সুজ লিমিটেড কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরবাসীর দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সড়কের এক দিকে অবস্থান নিতে বলা হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।”