পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নে সরকারি খাস খাল দখল করে নিজের মাছের ঘেরের পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ জোমাদ্দারের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, রোববার (২৬ জুলাই) সকালে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সবুজ জোমাদ্দার প্রভাব খাটিয়ে স্থানীয়ভাবে ‘জোবুর খাল’ নামে পরিচিত সরকারি খাস খাল দখল করেন। এরপর নিজের মাছের ঘেরের পানি নিষ্কাশনের সুবিধার্থে ১৩৪ নম্বর ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ কেটে পানি প্রবাহের ব্যবস্থা করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। তারা জানান, মাঠে বড় ধরনের কাটার সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে।
স্থানীয়দের আরও অভিযোগ, ইউপি সদস্য সবুজ জোমাদ্দারের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, সালিশি বৈঠকে পক্ষপাতমূলক আচরণ এবং বিরোধী পক্ষকে ভয়ভীতি প্রদর্শনের বিষয়ও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সরকারি সম্পত্তি রক্ষা এবং বিদ্যালয়ের মাঠ দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সবুজ জোমাদ্দারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।