পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রোববার (২৬ জুলাই) রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের একটি এতিমখানার বাসিন্দা সাইদুল খান (৩২) কয়েক দিন আগে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় তিনি ২০ টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তাঁর শ্বশুরবাড়ি ও শিশুটির ঘরের মধ্যবর্তী একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
পরে অভিযুক্ত শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন। শিশুটি ওই টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে ফিরলে তার মা টাকার উৎস জানতে চান। তখন শিশুটি পুরো ঘটনা খুলে বলে। স্থানীয় পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শিশুটির মা স্বজনদের পরামর্শে থানায় মামলা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ‘অভিযুক্ত সাইদুল খানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া ওই শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।’