
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি কুকুরকে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যে আউলিয়াপুর’। সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ অনুযায়ী, উপজেলার বাদুরা গ্রামের খেজুরতলা এলাকায় একটি গৃহস্থের হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে লাঠিপেটা করে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সংগঠনের সভাপতি এস. এম. সোহান স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, নির্বাক প্রাণীর প্রতি এমন নির্মম আচরণ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা একটি দণ্ডনীয় অপরাধ। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে সভাপতি এস. এম. সোহান বলেন, “প্রাণীর প্রতি নিষ্ঠুরতা শুধু আইনের লঙ্ঘন নয়, এটি মানবিক মূল্যবোধেরও পরিপন্থী। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
বিবৃতির শেষে ‘তারুণ্যে আউলিয়াপুর’ প্রাণীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানায়।