বরিশালের মেহেন্দীগঞ্জে নদীর পাড় ধসে কালাবদর নদীতে তলিয়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর সোমবার (২০ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা এলাকায় একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে সকাল ৮টার দিকে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
তিনি আরও জানান, পরিচয় শনাক্তের পর নিশ্চিত হওয়া যায় যে, এটি গত শনিবার মেহেন্দীগঞ্জ উপজেলায় নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর মরদেহ। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কৃষক আজিজুল গাজী দুটি গরু গোসল করানোর জন্য কালাবদর নদীর তীরে গেলে তার ৫ বছর বয়সী ছেলে আব্দুল্লাহও তার সঙ্গে ছিল। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ নদীভাঙনের কারণে পায়ের নিচের মাটি ধসে পড়লে শিশুটি নদীর স্রোতে ভেসে যায়।
সন্তানকে বাঁচাতে গিয়ে আজিজুল গাজীও নদীভাঙনের সঙ্গে মাটিচাপা পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে জীবিত উদ্ধার করলেও প্রবল স্রোতে ভেসে যায় শিশু আব্দুল্লাহ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাননি। অবশেষে দুই দিন পর সদর উপজেলার কীর্তনখোলা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।