পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২২ জুলাই) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন, গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং থানা পুলিশের যৌথ অভিযানে বোয়ালিয়া খালসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে দেশীয় মাছের পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ সব ধরনের জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “দেশের রুপালি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগও জরুরি। উপজেলা প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”