পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে পূর্ববিরোধের জেরে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের বসতঘরটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বেতমোড় গ্রামের জহিরুল ইসলামের মাছের ঘের থেকে মাছ নেওয়াকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত পরিবার ও একই গ্রামের সলেমান তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার কলাপাড়া শহরের চৌরাস্তা এলাকায় জহিরুল ইসলামের সঙ্গে সলেমানের দেখা হলে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচারের চেষ্টা করেন সলেমান। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, তাৎক্ষণিক কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে জহিরুল ইসলামের ছোট ভাই ফিরোজের বসতঘরে ইন্ধন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।
অভিযুক্ত সলেমান তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।