পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের প্রেসক্লাবের সামনে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং 'অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী'র স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানান, নিষিদ্ধ চায়না ডাইরি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের ফলে দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, 'অভিযানে জব্দ করা ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।' তিনি আরও জানান, মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।