পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় বজ্রপাতে রুবেল হাওলাদার নামে এক ট্রলারের মালিক ও মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলারটি নিয়ে চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে রুবেল হাওলাদার ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হন।
বজ্রপাতে আহত তিনজন হলেন—বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে শাহাদাত মৃধা, একই গ্রামের বাবু সরদারের ছেলে রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার শফিক ভূঁইয়ার ছেলে নাসির ভূঁইয়া। বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় ট্রলারে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
পরবর্তীতে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।’
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে।