পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-৮। রোববার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার লঞ্চঘাট টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দীর্ঘদিন ধরে তার বড় বোনের বাড়িতে বসবাস করতেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আয়লা এলাকা থেকে কৌশলে তাকে অপহরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তিনি স্বাভাবিকভাবে ভালো-মন্দ বিচার করতে পারেন না। ঘটনার দিন মরিয়ম বেগম (৩৩) নামে এক নারীর সহায়তায় তাকে খাবার দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আনোয়ার বয়াতী নামের এক রাজমিস্ত্রী তাকে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা ভুক্তভোগীকে একটি ইজিবাইকে করে বাড়ির কাছাকাছি এলাকায় রেখে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীর বড় বোন গত ১০ জুলাই বাউফল থানায় আনোয়ার বয়াতী ও মরিয়ম বেগমকে আসামি করে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর একই দিন সহযোগী আসামি মরিয়ম বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘র্যাব-৮-এর সহযোগিতায় মামলার প্রধান আসামি আনোয়ার বয়াতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।’