পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কালা (৪২)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কলাপাড়া মহিলা কলেজসংলগ্ন সড়কে লোহার রড দিয়ে হামলা চালানো হয় তার ওপর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত দেবাশীষ সিকদার কালা জানান, শুক্রবার বিকেলে তিনি কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোট দিতে মহিলা কলেজ ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথে কলাপাড়া মহিলা কলেজসংলগ্ন সড়কে তার ওপর এই হামলা চালানো হয়।
তিনি আরও জানান, তার এক আত্মীয়ের সঙ্গে খোকন মণ্ডলদের জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে একটি মামলা চলছে। সেই বিরোধের জের ধরে খোকন মণ্ডল ও তার ভাই দুলাল মণ্ডল লোহার রড দিয়ে তার ওপর হামলা চালান।
এ ঘটনায় শুক্রবার রাতেই দেবাশীষ সিকদার কালা বাদী হয়ে খোকন মণ্ডল (৪৮), তার ভাই দুলাল মণ্ডল (৪২) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল মণ্ডল বলেন, তাদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরেই উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।