বরিশাল নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এরই ধারাবাহিকতায় দুই দিনে নগরীর দুটি স্থানে মোট ১৪০টি অস্থায়ী দোকান উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনের পেছনে নির্মিত 'বিসিসি হকার্স মার্কেট' এবং বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় কেডিসি সড়ক ও বেলস পার্ক-সংলগ্ন এলাকায় 'কেডিসি ক্ষুদ্র ব্যবসায়ীদের আপন ঠিকানা' মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
নগর ভবনের পেছনের মার্কেটটিতে ৮৪টি এবং কেডিসি মার্কেটে ৫৬টি করে মোট ১৪০টি অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দেড় শতাধিক উচ্ছেদকৃত হকারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানের পর জীবিকা হারানো হকারদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল, এই উদ্যোগ তারই বাস্তবায়ন।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, মহানগর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং সাবেক কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন পর্যন্ত হকারদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বরাদ্দ কার্যক্রম শুরুর পথ তৈরি করা হয়েছে। এখন হকারদের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা যৌথভাবে দোকানগুলো বণ্টনের কাজ সম্পন্ন করবেন। বরাদ্দে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’
তিনি আরও জানান, উদ্বোধন সম্পন্ন হওয়ার পর দুই স্থানের দোকান বরাদ্দ কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে উচ্ছেদকৃত হকাররা নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সহজ হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায়িক জটিলতা কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।