নীলফামারীর জলঢাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাধা। মোশারফ হোসেন নামের এক ব্যক্তি মব করে সংবাদকর্মী সুমন মিয়ার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সুমন মিয়া দৈনিক বাংলার জনতা পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
রোববার (৫ ই জুলাই) থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে জলঢাকা থানায় সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে মোশারফ হোসেন তাকে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় তার ওপর এই হামলা চালানো হয়। পরে ৪ জুলাই রাত আনুমানিক ২টার দিকে সুমন মিয়া জলঢাকা ট্রাফিক মোড়ে চা নাস্তা করে ফেরার পথে বাজারে মোশারফ হোসেন অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, মোশারফ হোসেন তাকে কিল-ঘুষি মারেন এবং গলায় চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
এসময় ঘটনার প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে হামলাকারী মোশারফ হোসেন সুমনকে পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।তথ্য সংগ্রহকালে থানায় মব করার পর বাজারের জনসম্মুখে সুমনের ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রেস ক্লাবের সদস্যদের সাথে পরামর্শ করে ৫ জুলাই জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছে সুমন। এ বিষয়ে জানতে চাইলে সুমন মিয়া জানায়, অভিযুক্ত মোশারফ হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জমি দখলসহ বিভিন্ন ধরনের মব সৃষ্টির ব্যাপক অভিযোগ রয়েছে। ঘটনার দিন আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। আমাকে মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে হামলা করে পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি বর্তমানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত। প্রশাসনের কাছে দ্রুত এই হামলাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।