পিরোজপুর সদর উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা ও তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মো. আল-আমিন শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়। সেখানে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- কদমতলা এলাকার মেহেদী হাসান, আল-আমিন শেখ এবং তেঁতুলতলা এলাকার আলী হোসেন।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।