পটুয়াখালী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ১০৩ কোটি ৩৯ লক্ষ ৪১ হাজার ১৫০ টাকা। রোববার দুপুরে পৌরসভা সভাকক্ষে আয়োজিত প্রাক-বাজেট সভায় এই বাজেটের খসড়া উপস্থাপন করা হয়।
পৌরসভার প্রশাসক জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন এবং জনকল্যাণমূলক খাতে বরাদ্দের বিষয়গুলো তুলে ধরা হয়।
সভায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তারা নাগরিক সুবিধা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, নাগরিকদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত বাজেট প্রণয়ন করা হবে। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।