পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে আসলাম হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন ওই এলাকার কাওসার হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিল আসলাম। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার মা উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা কাওসার হোসেন জানান, সকালে কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। হঠাৎ ফোনে জানতে পারেন তার ছেলে আসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে এসে দেখেন স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।