পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সৈকত থেকে বঙ্গোপসাগরে নিখোঁজ শাহাবুদ্দিন (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন গঙ্গামতি এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলারে ছয় জেলে গভীর সমুদ্রে যান। সকাল ১০টার দিকে হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়লে উত্তাল ঢেউয়ের আঘাতে শাহাবুদ্দিন ট্রলার থেকে সমুদ্রে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও কোনো সন্ধান পাননি। পরে ট্রলার মালিক জালাল বিশ্বাস মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ শাহাবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি একই উপজেলার আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে লেম্বুরবন সংলগ্ন সৈকতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিনের মরদেহ। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।