ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হালনাগাদ তথ্য অনুযায়ী, ওই ঘটনায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।
ফিলিপাইন ভৌগোলিকভাবে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।