ভোলার মনপুরায় খালসংলগ্ন স্লুইস গেটের পানিতে ডুবে মাহিন (১০) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে সে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মাহিন উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মো. মামুনের ছেলে। সে স্থানীয় মাঝেরঘাট নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে মাঝেরঘাট (বেইজ্জার খাল) সংলগ্ন স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে যায় মাহিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে মনপুরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেন। পরে বিকেল থেকে কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নেন। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়াচ্ছিল না।
অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয়রা স্লুইস গেট থেকে প্রায় ১০০ মিটার দূরে খালপাড়ের একটি গাছের ঝোপে মাহিনের মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।