ভোলার বোরহানউদ্দিনে ভাগ্নের বাড়িতে বেড়াতে এসে হাবিবুল্লাহ (৬০) নামের এক বৃদ্ধের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত হাবিবুল্লাহ তজুমদ্দিন উপজেলার আলমগীর মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত ৯টার দিকে তিনি তার ভাগ্নে মো. শাহিনের দালালপুরের বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে যান হাবিবুল্লাহ। পরদিন (১৯ জুন) ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনের একটি ডোবার পাশে কড়ই গাছে তার মরদেহ দেখতে পান। সুপারি গাছের খোল দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলছিল। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের দাবি, রাত ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।