পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে স্থানীয় জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১১টায় লোহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
লোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বশির উদ্দিন মৃধা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদার, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুলফিকার, ইউপি সদস্য মো. আলতাফ মৃধা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ তালুকদার।
বক্তারা বলেন, লোহালিয়া ইউনিয়নে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাদের দাবি, কিছু এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ থাকলেও অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
অ্যাডভোকেট মোহাম্মদ বশির উদ্দিন মৃধা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ তালুকদার বলেন, “মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের আপস করা হবে না। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন থাকতে হবে।”
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুলফিকার এবং পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য সরবরাহ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত লোহালিয়া গড়ে তোলা সম্ভব হবে।