পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে কাশেম গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাশেম গাজী উপজেলার কেশবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান গাজীর ভাই।
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর বাদামতলী পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে কাশেম গাজীকে আটক এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় কাশেম গাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কাশেম গাজী উপজেলার কেশবপুর ইউনিয়নের বাদামতলী গ্রামের বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী থেকে একটি চক্র অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে এবং নদী রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।