অনলাইন ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আলোচিত বিরল প্রজাতির অ্যালবিনো মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের একটি খামারে লালিত সাদা লোম ও ব্যতিক্রমধর্মী চোখের গঠনের এই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনসাধারণের আগ্রহ এবং প্রাণীটির নিরাপত্তার বিষয় বিবেচনায় এটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিষটির জন্য জাতীয় চিড়িয়াখানায় পৃথক একটি শেড প্রস্তুত করা হয়েছে। চিড়িয়াখানায় স্থানান্তরের আগে প্রাণীটিকে ১৫ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময় জীবাণুমুক্তকরণ এবং স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতে বিশেষজ্ঞ টিম কাজ করবে।
এছাড়া চিড়িয়াখানার অভিজ্ঞ চিকিৎসক দল প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যাতে কোনো ধরনের সংক্রমণ বা স্বাস্থ্যঝুঁকি তৈরি না হয় এবং চিড়িয়াখানার অন্যান্য প্রাণীও নিরাপদ থাকে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহিষটির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বর্তমান পালনকারীর সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এমন বিরল প্রাণী জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত হলে দর্শনার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি প্রাণী সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও আগ্রহও বৃদ্ধি পাবে।
অ্যালবিনিজম একটি বিরল জিনগত বৈশিষ্ট্য যা প্রাণীদের শরীরে মেলানিন উৎপাদনে ব্যাঘাত ঘটায়, ফলে তাদের চামড়া, লোম ও চোখের রঙ সাদা বা হালকা হয়ে যায়। বাংলাদেশে অ্যালবিনো মহিষ অত্যন্ত বিরল। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে অ্যালবিনো প্রাণীগুলো চিড়িয়াখানা ও সংরক্ষণ কেন্দ্রে বিশেষ যত্নে রাখা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, বিরল প্রাণী সংরক্ষণ, জিনগত বৈচিত্র্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণীকুলের টেকসই সংরক্ষণ সম্ভব।