বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ–সংলগ্ন দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার গভীর রাতে দিঘির কেন্দ্রীয় মসজিদের সামনের অংশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলা–এর চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) এবং চরফ্যাশন উপজেলা–এর বাসিন্দা মো. বেল্লালের ছেলে আকাশ (১০)। আরাফাত ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ছিল। আকাশ বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত আকাশের চাচা মো. মাসুদ জানান, আকাশ পরিবারের সদস্যদের অজান্তে মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের বান্দরোড এলাকার বাসা থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে আরাফাতের মামা মো. সুরুজ বলেন, কোরবানির ঈদ উপলক্ষে আরাফাত বাবা–মায়ের সঙ্গে ঢাকা থেকে বরিশালে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরে বন্ধু আকাশের ডাকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা গোসল করতে মেডিকেল কলেজের দিঘিতে গিয়েছিল।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের ধারণা, গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা হবে।