পটুয়াখালীর বাউফল উপজেলায় চোর সন্দেহে এক যুবককে আটক করে খুঁটিতে বেঁধে লাঠিপেটা ও মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মোহাম্মদ বাপ্পি (২৪), তিনি কালাইয়া ইউনিয়নের বড় ডালিমা এলাকার বাসিন্দা।
জানা গেছে, সপ্তাহখানেক আগে ল্যাংড়া মুন্সির পোল এলাকায় ইউসুফ আকনের মুদি ও মনোহারি দোকান থেকে কিছু টাকা চুরি হয়। পরে পাশের দোকানের সিসি ক্যামেরায় দোকান এলাকায় ভুক্তভোগী যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। সোমবার স্থানীয় ব্যবসায়ীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে খুঁটিতে বেঁধে তাকে পেটানো হয়।
দোকান মালিক ইউসুফ আকন বলেন, "ঘটনার সময় দুপুরে আমি পাশের মসজিদের পুকুরে গোসল করতে যাই। এ সময় ক্যাশ কাউন্টার তালাবদ্ধ করতে ভুলে গিয়েছিলাম। গোসল শেষে ফিরে এসে দেখি বেচাকেনার টাকা নেই।"
ভুক্তভোগী যুবকের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করা হয়েছে। তবে তার সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরেছি। সরেজমিনে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বাংলাদেশে ভিড়িল জাস্টিস বা জনতার হাতে বিচার একটি গুরুতর আইনি ও মানবাধিকার ইস্যু। দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা বৈধ পদ্ধতি। তবে গ্রামীণ এলাকায় চোর সন্দেহে গণপিটুনি বা নির্যাতনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশি নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে ভিড়িল জাস্টিস প্রতিরোধ সম্ভব।