“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা ও পটুয়াখালীর বিভিন্ন ইউনিয়নে পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ উপলক্ষে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়ন, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ও হাজারীগঞ্জ ইউনিয়ন এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে পৃথক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলোতে অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সঠিক পরিচর্যা, মানসম্মত শিক্ষা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে অটিজমসম্পন্ন শিশুরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
এ সময় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী, কারিগরি কর্মকর্তা, সহকারী কারিগরি কর্মকর্তা, শাখা ইনচার্জ, পিভিসি সদস্য, সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে সিএনএইচপি।
আয়োজকরা জানান, অটিজম সম্পর্কে সমাজে প্রচলিত ভুল ধারণা দূর করে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।