দ্বীপ জেলা ভোলা-র কৃতি সন্তান ও দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার নুরে আলম জিকু জাতীয় প্রেস ক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন। এ খবরে ভোলার সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ভোলার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন নুরে আলম জিকু। নদীভাঙন, উপকূলীয় দুর্ভোগ ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের নানা চিত্র তিনি ধারাবাহিকভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরেছেন।
স্থানীয় সাংবাদিকদের মতে, নুরে আলম জিকুর হাত ধরেই ভোলায় অনলাইন সাংবাদিকতার যাত্রা শুরু হয়। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা দিয়ে পথচলা শুরু করে পরে তিনি মানবজমিন-এ কাজের মাধ্যমে ঢাকায় পেশাদার সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু করেন।
মানবজমিনে কর্মরত অবস্থায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনভোগান্তির বিষয় নিয়ে অনুসন্ধানী ও সাহসী প্রতিবেদন করে তিনি আলোচনায় আসেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করে গেছেন বলে সহকর্মীরা জানান।
পরবর্তীতে দৈনিক যুগান্তর-এ স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন নুরে আলম জিকু। তার এই অর্জনে ভোলার সাংবাদিক, সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় সাংবাদিকরা বলেন, জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ লাভ ভোলার সাংবাদিকতার জন্যও একটি গর্বের বিষয়।