ভোলার মনপুরা উপজেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়ের পর ফেরার পথে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ফকিরহাট বাজারে দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সিগারেটের কাগজে মোড়ানো দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে তাদের আটক করে রাখে।
খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. শাকিল (২০) ও একই ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা মো. রাসেল (২২)।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, **"স্থানীয় জনতার সহায়তায় দুই পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।"