পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি সংকটে পড়া সমুদ্রগামী জেলেদের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে। এতে প্রায় শতাধিক ট্রলারের জেলেরা উপকৃত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার বিসমিল্লাহ ফিলিং স্টেশন এবং আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফরাজী ট্রেডার্স পাম্পের মাধ্যমে জেলেদের মাঝে এই জ্বালানি তেল বিতরণ করা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে সরাসরি জেলেদের হাতে ডিজেল তুলে দেওয়া হয়।
সরবরাহকৃত ডিজেলের মধ্যে বিসমিল্লাহ ফিলিং স্টেশনে ১৫ হাজার লিটার এবং ফরাজী ট্রেডার্স পাম্পে ১২ হাজার লিটার বরাদ্দ দেওয়া হয়। ছোট, মাঝারি ও বড় ট্রলারগুলোর চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রলারকে ৪০০ থেকে ১ হাজার লিটার পর্যন্ত ডিজেল দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি সংকটের কারণে বহু ট্রলার আলীপুর ও মহিপুর উপকূলে নোঙর করে থাকতে বাধ্য হয়েছিল। এ পরিস্থিতিতে জেলেদের জীবন-জীবিকা সচল রাখতে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, আগামী ১৫ এপ্রিল থেকে সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে অন্তত একবার জেলেরা যেন সাগরে যেতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, সরকারের এই উদ্যোগ জেলেদের জন্য সময়োপযোগী এবং তাদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমাবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জেলেদের সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় জেলেরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।