বরিশালে জিজেইউএস অতিথি টুরিজম সার্ভিসের বিলাসবহুল ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে ২০২৬) সকালে বরিশাল শহরের ৩০ গোডাউন সংলগ্ন জেটি ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ রিভার ক্রুজের যাত্রা শুরু হয়।
ক্রুজটির উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক কৃষিবিদ মোসাম্মৎ মরিয়ম এবং বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। ক্রুজ ও টুরিজম প্যাকেজ সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. কামাল হাসান।
অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি রোমান ইমতিয়াজ তুষার, পিকেএসএফের ভ্যালু চেইন প্রযেক্ট ম্যানেজার ডা. ইরফান আলী, সেন্ট বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, নদী-নালা ও খালে ঘেরা বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশের ক্ষতি না করে বিষমুক্ত খাবার পরিবেশন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে টুরিজম সার্ভিস পরিচালনার জন্য জিজেইউএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
আয়োজকরা জানান, বরিশাল বিভাগে এ ধরনের বিলাসবহুল রিভার ক্রুজ উদ্যোগ এটিই প্রথম।