দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ ক্রেডিট নিশ্চিতকরণসহ ১০ দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মো. তরিকুল ইসলাম রিশাদ, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সভাপতি মারুফ হাওলাদার এবং বাংলাদেশ ছাত্রদল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী হাসান ইভানসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃত্ব দেন।
সমাবেশ শেষে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়। আন্দোলনকারীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।