পটুয়াখালীর আলোচিত আলীপুর মৎস্য আড়তের জেলে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মো. শুকুর (৫২)কে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৮ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে শুকুরকে বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামে গোলাম মোস্তফা খাঁ’র বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর রাতে। মামলার এজাহারে বলা হয়, ভিকটিম মো. হেলাল আলীপুর মৎস্য আড়তে ট্রলার মালিক মন্টু ফরাজীর মালিকানাধীন "তামান্না ফিসিং বোটে" কাজ করতেন। ওই রাতে ট্রলারে দেরি করে আসায় মালিক পক্ষের লোকজন তাকে ও সহকর্মীদের বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়, পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের মা শেফালী বেগম মহিপুর থানায় হত্যা মামলা (নম্বর–০৩, তারিখ: ০৫/০৯/২০২৫, ধারা: ৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন।
র্যাব জানায়, শুকুর ওই মামলার অন্যতম আসামি ও দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।